বিয়ে করছেন ‘ললনা’ গায়ক শেখ সাদী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০২:৪১ পিএম
বিয়ে করছেন ‘ললনা’ গায়ক শেখ সাদী

\জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। গত শুক্রবার পারিবারিক আয়োজনে তাঁর আংটিবদল হয়েছে। বিষয়টি একটি মিডিয়াকে নিশ্চিত করেছেন এই গায়ক। আংটিবদলের সিদ্ধান্তটি যে পরিকল্পিত ছিল না, সেটিও জানিয়েছেন তিনি।

 শনিবার সন্ধ্যায় শেখ সাদী বলেন, ‘আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু–আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁরা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তাঁরা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাঁদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তাঁর সঙ্গে আমার আংটিবদল হয়েছে।’

পরিবার সূত্রে জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। শুক্রবার ঢাকার শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আংটিবদল অনুষ্ঠান হয়েছে।

সংগীতাঙ্গনে শেখ সাদীর শুরুটা কয়েক বছর আগে। ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তাঁর একাধিক গান তরুণ শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। নিজের আলাদা একটা শ্রোতাগোষ্ঠীও তৈরি করেছেন। বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর গাওয়া বেশ কয়েকটা গান কোটি কোটিবার শোনা হয়েছে। বিশেষ করে সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি গান শেখ সাদীকে দেশের অন্যতম জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত করে তোলে।

Link copied!