নিজারের গোলে এগিয়ে জর্ডান, চাপে আলজেরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:২৬ এএম
নিজারের গোলে এগিয়ে জর্ডান, চাপে আলজেরিয়া

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে চমকের আভাস দিচ্ছে জর্ডান। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ৩৬ মিনিটে নিজার আল-রাশদানের গোলে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল আলজেরিয়ার দখলে। তবে সংগঠিত রক্ষণ আর দ্রুত পাল্টা আক্রমণে বারবার প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলছিল জর্ডান। ম্যাচের প্রথম মিনিটেই আল-রাশদানের হেড লক্ষ্যভ্রষ্ট না হলে আরও আগেই এগিয়ে যেতে পারত তারা।

অন্যদিকে অভিজ্ঞ রিয়াদ মাহরেজকে ঘিরে আক্রমণ সাজাচ্ছিল আলজেরিয়া। ২০ মিনিটে দারুণ এক লম্বা পাস ধরে গোলকিপারের মুখোমুখি হয়ে গিয়েছিলেন আলজেরিয়া অধিনায়ক। কিন্তু বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে সুযোগ হাতছাড়া করেন তিনি। এরপর ৩৩ মিনিটেও আরেকটি দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন মাহরেজ। নিখুঁত প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিলেও শেষ মুহূর্তে তার শট প্রতিহত করেন জর্ডানের রক্ষণভাগ।

বল দখলে এগিয়ে থাকলেও তা কাজে লাগাতে পারছে না আলজেরিয়া। পাঁচ ডিফেন্ডার ও চার মিডফিল্ডারের শক্ত দেয়াল গড়ে তাদের আক্রমণের পথ বন্ধ করে রাখে জর্ডান।

অবশেষে ৩৬ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। জর্ডানের আক্রমণ থেকে পাওয়া সুযোগে নিজার আল-রাশদান গোলরক্ষক লুকা জিদানের নাগালের সামান্য বাইরে বল পাঠিয়ে দেন জালে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে এগিয়ে যায় জর্ডান।

গোল হজমের আগে আলজেরিয়া পেনাল্টির দাবি তুললেও তাতে সাড়া দেননি ম্যাচের রেফারি। ফলে হতাশা নিয়েই খেলতে থাকে আফ্রিকার প্রতিনিধিরা।

Link copied!