এই মেসিকে রুখবে কে? ২০২২ কাতার বিশ্বকাপ নিজের করে নিয়েছিলেন। অনেকেই শেষটাও দেখে ফেলেছিলেন। তবে শিরোপা হাতে নিয়েই হয়তো চার বছর পরের ভাবনা পেয়ে বসে তাকে। আকর্ষনীয় সব প্রস্তাব ছেড়ে নাম লেখান মেজর লিগ ফুটবলে। যুক্তরাষ্ট্রের জল-হাওয়ায় অভ্যস্ত হয়েই হয়তো চেয়েছেন এবারের বিশ্বকাপের প্রস্তুতি নিতে।
তাই বলে এতটা প্রস্তুত মেসি, তা অনেকেই কল্পনা করেননি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে করলেন হ্যাটট্রিক। আগের পাঁচ আসরে যা পারেননি, সেটা প্রথম ম্যাচেই পেলেন। ছুঁয়ে ফেললেন মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের সর্বোচ্চ রেকর্ড। আর আজ অস্ট্রিয়ার বিপক্ষে ক্লোসাকে ছাড়িয়ে যেতে করলেন জোড়া গোল। ২-০ গোলের জয়ে আর্জেন্টিনা পৌঁছালো সেরা ৩২-এ। আর মেসি নিজেকে তুলে নিলেন আরও উচ্চতায়।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও গোল পেলেন মেসি। বিশ্বকাপে এটি তার ১৮তম গোল। চলতি আসরে পঞ্চম।
এই গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।





























