‘পরের ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করবে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০২:০৫ এএম
‘পরের ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করবে’

পর্তুগাল ও রোনালদোকে ঘিরে তুমুল বিতর্কের মধ্যে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মাইকেল ওয়েন এগিয়ে এলেন পুরনো সতীর্থের পক্ষে। কঙ্গো ডিআরের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ৪১ বছর বয়সী রোনালদোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ম্যাচে মাত্র ২৫টি স্পর্শ ও টার্গেটে একটিও শট না থাকা রোনালদো হতাশ মুখে মাঠ ছাড়েন। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ গোলহীন থাকার পরিসংখ্যান আরও চাপ বাড়িয়েছে। তার ওপর আলজেরিয়ার বিপক্ষে মেসির অবিশ্বাস্য হ্যাটট্রিক তুলনার আগুনে ঘি ঢেলেছে।

তবে ওয়েন সমালোচকদের সরাসরি জবাব দিলেন, ‘পর্তুগাল কঙ্গোর বিপক্ষে ভালো খেলেনি এবং এর অনেকটা দায় রোনালদোর ঘাড়ে চাপানো হচ্ছে। ৪১ বছর বয়সে প্রশ্নের মুখে পড়াটা স্বাভাবিক; কিন্তু গোল না হলেই শুধু রোনালদোকে দোষ দেওয়া উচিত নয়।‘

ওয়েনের মতে, পরের ম্যাচেই যদি রোনালদো হ্যাটট্রিক করেন তো তিনি অবাক হবেন না, ‘আমি নিশ্চিত পরের ম্যাচে ও সবার মুখ বন্ধ করে দেবে। এমন ঘটনা তো কতবার ঘটেছে। রোনালদো মাঠে থাকা মানে ও যেকোনো মুহূর্তে গোল করতে পারে। যদি উজবেকিস্তানের বিপক্ষে ও হ্যাটট্রিক করে তাহলে আমি অবাক হব না।’

গ্রুপ ‘কে’-তে মঙ্গলবার হিউস্টনে উজবেকিস্তানের মুখোমুখি পর্তুগাল। প্রথম জয়ের তীব্র প্রয়োজনে থাকা রবার্তো মার্তিনেসের দল মাঠে নামবে বের্নার্দো সিলভা ও পেদ্রো নেতোকে পাশে নিয়ে রোনালদোকেই কেন্দ্রে রেখে। বিশ্বকাপে অভিষিক্ত উজবেকিস্তানের সামনে রোনালদোর সামনে এখন সুযোগ— সমালোচনার সব শব্দকে নীরব করে দেওয়ার।

Link copied!