বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচগুলো কেমন ছিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৭:৪৭ পিএম
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচগুলো কেমন ছিল

আলজেরিয়ার কাছে কত গোলে হারবে আর্জেন্টিনা? কী, রাগ করলেন! আলজেরিয়ার কাছে আর্জেন্টিনা হারবে কেন? গতবারের চ্যাম্পিয়ন। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা দলটি তো র‌্যাঙ্কিংয়ের ২৮তম দল আলজেরিয়ার কাছে হারতে পারে না। যে আলজেরিয়া ২০১৪ এর পরে পরপর দুইবার বিশ্বকাপ খেলেনি। ২০১৪ বিশ্বকাপে খেললেও সেবারই প্রথমবার দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। সেই দলের কাছে হারা তো ‘দুর্ঘটনা’ হিসেবেই ধরে নিতে হবে।

আমি আসলে ইতিহাসের কথা ভেবে বলেছিলাম। ইতিহাস যদি ধারাবাহিকতা বজায় রাখে তবে আলজেরিয়ার কাছে আর্জেন্টিনা হেরে যাবে। কী সেই ইতিহাস? তাহলে বলি, প্রথমবার আর্জেন্টিনা শিরোপা জেতে ১৯৭৮ সালে। এর পরের বিশ্বকাপে অর্থাৎ ১৯৮২ সালের বিশ্বকাপে প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে বেলজিয়ামের কাছে হেরে গিয়েছিল। আবার দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা অর্জন করলো ১৯৮৬ সালে। ঠিক তার পরের বিশ্বকাপ ১৯৯০ সালে যথারীতি বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল ক্যামেরুনের সাথে। সেই খেলাতেও ১-০ ব্যবধানে হেরে গেল আর্জেন্টিনা। তৃতীয় শিরোপা অর্জন করল গত বিশ্বকাপে। ২০২২ বিশ্বকাপের পর ২০২৬ বিশ্বকাপ শুরু হয়েছে ১১ জুন রাত থেকে। আর আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল (১৭ জুন) বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায়। তাহলে আগের সেই ইতিহাস অনুযায়ী কী হেরে যাচ্ছে আগামীকালের খেলায়?

তবে হার থেকে যদি ভালো কিছু হয় তবে তো হারই ভালো। এই যেমন ২০২২ বিশ্বকাপের প্রথম খেলাতে সৌদি আরবের কাছে হেরে গিয়ে কী সুন্দর ভাবে ঘুরে দাড়াল আর্জেন্টিনা। এরপর আর একটি ম্যাচও হারেনি তারা। ফলাফল টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা স্বপ্ন নিয়ে এসেছে শিরোপা ধরে রাখার। তার মানে পরপর দুবার বিশ্বকাপ জেতার স্বপ্ন। এই স্বপ্ন পূরণ করেছে মাত্র দুটি দল। একটি ইতালি অন্যটি ব্রাজিল। ইতালি ১৯৩৪ এবং ১৯৩৮ সালে শিরোপা অর্জন করে। আর ব্রাজিল ১৯৫৮ এবং ১৯৬২ সালে। এরপর চলে গেছে ৬০ বছর। আর কেউ এই ইতিহাসে নাম লেখাতে পারেনি। এখন চলছে ৬৪ বছর। এবার কী আর্জেন্টিনা লেখাতে পারবে সেই নাম?

অন্য আর একটি ইতিহাস আছে যেটা আর্জেন্টিনার জন্য বড় বাধা। আর তা হলো ফিফা র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা। র‌্যাঙ্কিং-১ মানেই যেন অভিশাপ। ১৯৯৩ সালে ফিফা র‌্যাঙ্কিং সিস্টেম চালু হওয়ার পর থেকে ১ নম্বরে থাকা কোনো দলই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। র‌্যাঙ্কিং-১ এর অভিশাপ কি মুছতে পারবে আর্জেন্টিনা!

ফিরে আসি আগামীকালের ম্যাচের কথায়। ২০২৬ বিশ্বকাপে আগামীকাল প্রথম ম্যাচ আর্জেন্টিনার। আগের বিশ্বকাপগুলোতে কেমন ছিল তাদের প্রথম ম্যাচের ফলাফল। চলুন জেনে আসি।

১৫ জুলাই ১৯৩০
ফ্রান্সের সাথে ছিল প্রথম ম্যাচ। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকলেও ৮১ মিনিটের মাথায় মন্টির করা একমাত্র গোলে জয়লাভ করে আর্জেন্টিনা।

২৭ মে ১৯৩৪
সুুইডেনের সাথে খেলা। খেলার ৪ মিনিটের মাথায় আর্জেন্টিনা প্রথম গোল দিয়ে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। খেলা শেষ হয় ৩-২ ব্যবধানে। সুইডেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা।

৮ জুন ১৯৫৮
১৯৩৮, ১৯৫০ এবং ১৯৫৪ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করেনি আর্জেন্টিনা। ২৪ বছর পর বিশ্বকাপে ফিরে ১৯৩৪ বিশ্বকাপের প্রথম ম্যাচের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনা। জার্মানির সাথে খেলায় ৩ মিনিটের মাথায় কোরবাত্তার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আর কোনো গোল জার্মানির বিপক্ষে দিতে পারেনি। উল্টো জার্মানি তাদের জালে ৩ টি গোল দিয়ে দেয়। ফলাফল ৩-১ গোলে আর্জেন্টিনা হেরে যায় জার্মানির কাছে।

৩০ মে ১৯৬২
বুলগেরিয়ার সাথে প্রথম ম্যাচে ১-০ গোলে জয় লাভ করে আর্জেন্টিনা।

১৩ জুলাই ১৯৬৬
স্পেনকে ২-১ গোল ব্যবধানে হারায়।

১৫ জুন ১৯৭৪
১৯৭০ বিশ্বকাপ খেলেনি আর্জেন্টিনা। ৮ বছর পর ফিরে এসে প্রথম ম্যাচে পোল্যান্ডকে ৩-২ গোলে পরাজিত করে তারা।

০২ জুন ১৯৭৮
হাঙ্গেরিকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। এই বিশ্বকাপেই প্রথমবারের মতো শিরোপা অর্জন করে আর্জেন্টিনা।

১৩ জুন ১৯৮২
১-০ গোলে বেলজিয়ামের কাছে হেরে যায়।

০২ জুন ১৯৮৬
দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারায়। এই বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো শিরোপা অর্জন করে আর্জেন্টিনা।

০৮ জুন ১৯৯০
ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে যায়।

২১ জুন ১৯৯৪
গ্রিসের বিরুদ্ধে ৪-০ গোলের ব্যবধানে জয়লাভ করে আর্জেন্টিনা।

১৪ জুন ১৯৯৮
জাপানকে ১-০ গোলের ব্যবধানে হারায়।

০২ জুন ২০০২
নাইজেরিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারায়।

১০ জুন ২০০৬
আইভোরিকোস্টকে ২-১ গোলের ব্যবধানে হারায়।

১২ জুন ২০১০
নাইজেরিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারায়।

১৫ জুন ২০১৪
বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-১ গোলের ব্যবধানে হারায়।

১৬ জুন ২০১৮
আইসল্যান্ডের সাথে এই খেলা শুরুর ১৯ মিনিটে আগুয়েরোর গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও ৪ মিনিটের ব্যবধানে অর্থাৎ ২৩ মিনিটের মাথায় গোল ফেরত দিয়ে দেয় আইসল্যান্ড। বাকি খেলায় আর কোনো গোল হয় নাই। ফলে ১-১ গোলের খেলার ফলাফল ড্র থেকে যায়।

২২ নভেম্বর ২০২২
সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা।

বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোর ফলাফল পর্যালোচনা করে দেখা যায় ১২ টি বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। হেরেছে মাত্র ৫ টিতে। আর ড্র করেছে ১টিতে। এই পর্যালোচনা বা ইতিহাস থেকে ভাবলে কেউ কেউ বলতে পারে আর্জেন্টিনা প্রথম ম্যাচ বেশি জিতেছে। অতএব এই বিশ্বকাপের প্রথম ম্যাচও আলজেরিয়ার সাথে জিতবে। তবে আমি বলব, ম্যাচ নিয়ে যত ইতিহাস আর রেকর্ড থাকুক না কেন, সেগুলো মাথায় নেওয়ার দরকার নেই। কেননা খেলার ফলাফল হবে খেলার মধ্য দিয়ে। আর্জেন্টিনা যদি মাঠে ভালো পারফর্ম করে অবশ্যই আলজেরিয়ার সাথে খেলায় জিতে যাবে। শুভকামনা আর্জেন্টিনা।

Link copied!