বিশ্ব ফুটবলে লিওনেল মেসিকে নিয়ে ‘সর্বকালের সেরা’ বিতর্ক নতুন কিছু নয়। তবে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের কাছে এ নিয়ে কোনো প্রশ্নই নেই।
আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচে মেসির হ্যাটট্রিক দেখার পর স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, ইতিহাসের সেরা ফুটবলার মেসিই।
আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন ৩৮ বছর বয়সী মেসি। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডও স্পর্শ করেন তিনি।
মেসির এমন পারফরম্যান্সের পর স্প্যানিশ গণমাধ্যম আরটিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, 'প্রতিটি ম্যাচই প্রমাণ করে যে ইতিহাসের সেরা খেলোয়াড় সে-ই।
কারও যদি এখনো সন্দেহ থাকে, তাহলে তারা ইচ্ছে করেই সন্দেহ খুঁজছে। এ নিয়ে আর কিছু বলার নেই।'
তবে নিজের ব্যক্তিগত ফুটবল আইডল হিসেবে ব্রাজিলিয়ান তারকা নেইমারের নামও উল্লেখ করেন বার্সেলোনার এই উইঙ্গার। তিনি বলেন, 'আমার আদর্শ নেইমার।
কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড় মেসি।'
বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন ইয়ামাল। কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে মাত্র ১৯ মিনিট খেলতে পেরেছিলেন তিনি। চোট কাটিয়ে পুরোপুরি ফিট না হওয়ায় এখনো সতর্ক অবস্থানে রয়েছেন এই তরুণ।
এদিকে বিশ্বকাপে ইতোমধ্যে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও হ্যারি কেইনের মতো তারকারা গোল করে আলোচনায় এসেছেন।
তবে তাদের সঙ্গে গোলের প্রতিযোগিতায় নামতে আগ্রহী নন ইয়ামাল।
তার ভাষায়, 'আমার খেলার ধরন আলাদা। আমি উপভোগ করতে চাই, জিততে চাই। ১৬ গোল করে সেমিফাইনালে বিদায় নেওয়ার চেয়ে আমি ট্রফি জিততে বেশি আগ্রহী।'
চোটের কারণে সৌদি আরবের বিপক্ষেও শুরুর একাদশে তার খেলা অনিশ্চিত। তবে ইয়ামাল জানিয়েছেন, পুরো ৯০ মিনিট খেলার মতো প্রস্তুত না হলেও দলের প্রয়োজন হলে মাঠে নেমে অবদান রাখতে তিনি প্রস্তুত।




























