বিশ্বকাপের হাই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও এশিয়ার টাইগার দক্ষিণ কোরিয়া। শুক্রবার ভোরে গুয়াদালাহারার এস্তাদিও আকরনে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচে যে দলই জয়ী হবে, তারাই সবার প্রথমে রাউন্ড অব থার্টি টু নিশ্চিত করবে।
উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে জয়ে ৩ পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।
উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। তবে রক্ষণভাগের মূল খেলোয়াড় সেসার মন্তেস লাল কার্ড দেখায় এই ম্যাচে তিনি খেলতে পারছেন না।
অন্যদিকে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় এশিয়ার এই পরাশক্তি। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ওহ হিয়ন-গিউ।
যেহেতু এবার ১২টি গ্রুপের শীর্ষ দুটি দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও নকআউট পর্বে যাবে। তাই আজকের ম্যাচে মেক্সিকো বা দক্ষিণ কোরিয়ার যেকোনো এক দলের ৬ পয়েন্ট নিশ্চিত হলে তারা সরাসরি শেষ রাউন্ড অব থার্টি টুতে পৌঁছে যাবে।
























