ম্যাচ পাতানোর অভিযোগে তদন্তাধীন থাকায় জার্মানির বিপক্ষে আইভরিকোস্টের বিশ্বকাপের পরের ম্যাচে খেলতে কানাডায় যেতে পারছেন না স্ট্রাইকার এলিয়ে ওয়াহি। শনিবার টরন্টোয় জার্মানির মুখোমুখি হবে তারা।
আইভরিকোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) জানিয়েছে, কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় দলের সঙ্গে ভ্রমণ করতে পারবেন না ওয়াহি। বিশ্বকাপের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১–০ গোলে হারানোর ম্যাচে একাদশে ছিলেন এই ফরোয়ার্ড। ফেডারেশন জানিয়েছে, দলের ফেরার আগ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন।
বুধবার ফরাসি ফুটবল লিগ জানায়, মে মাসে নিসের হয়ে একটি লিগ ওয়ান ম্যাচে ওয়াহির হলুদ কার্ড দেখাকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে ‘অস্বাভাবিক পরিমাণ’ বাজি ধরা হয়েছিল। বাজির বাজার পর্যবেক্ষণকারী অংশীদারদের কাছ থেকে সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে সতর্ক হয় ফরাসি লিগ কর্তৃপক্ষ।































