মাঠে নামার আগেই হুঁশিয়ারি ইরানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০২:০৪ পিএম
মাঠে নামার আগেই হুঁশিয়ারি ইরানের

২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের রাজনৈতিক উত্তেজনা ফুটবল মাঠেও ছড়িয়ে পড়েছে। মাঠে খেলার সময় ইরানের বিরুদ্ধে কোনও স্লোগান দেওয়া হলে বা অস্বীকৃত পতাকা প্রদর্শন করা হলে ম্যাচ বন্ধ করার আবেদন জানাবে ইরান।

ইরানের ক্রীড়ামন্ত্রী  জানিয়েছেন, এ বিষয়ে তারা আগেই ফিফা -কে সতর্ক করেছে। তাঁর ভাষায়, “জাতীয় দলের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান বা অস্বীকৃত পতাকা দেখা গেলে কোচ ম্যাচ বন্ধের অনুরোধ করবেন।”

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক উত্তেজনার কারণে ইরান দল বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে অবস্থান না করে মেক্সিকোতে থাকবে। ম্যাচ খেলতে গিয়ে আবার ফিরে আসবে তারা। এছাড়া, অনেক ইরানি সমর্থক এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

গ্রুপ পর্বে ইরানের শেষ ম্যাচ মিশরের বিপক্ষে সিয়াটলে। ম্যাচটিকে ‘গর্বের লড়াই’ হিসেবে আখ্যা দিয়েছে ইরান। আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও পেয়েছে তারা।

আগামী ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।

Link copied!