একের পর গোলের সুযোগ তৈরি করে গেল দক্ষিণ কোরিয়া। কিন্তু প্রথম সুযোগেই গোল করে এগিয়ে গিয়েছিল চেক প্রজাতন্ত্র।
তবে গুয়াদালাহারার ম্যাচটিতে শেষ পর্যন্ত হেসেছে কোরিয়ান দলটিই। হোয়াং ইন-বম সমতা এনে দেওয়ার পর ৮০তম মিনিটে ওহ হিউয়ান-গিউয়ের গোলে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।
‘এ’ গ্রুপের ম্যাচটিতে প্রথমার্ধে চেক প্রজাতন্ত্রের গোলমুখ লক্ষ্য করে মোট ৮টি শট নিয়েছে দক্ষিণ কোরিয়া। এর মধ্যে পাঁচটিই নিয়েছেন অধিনায়ক হিউন-মিন সন। তবে একটিও লক্ষ্যে পৌঁছায়নি। বিরতির পর ম্যচের ৫৯তম মিনিটে স্রোতের বিপরীতে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। হেডে গোল করেন দলটির অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ম্যাচে সেটিই ছিল ইউরোপীয় দলটির প্রথম লক্ষ্যে শট।
দক্ষিণ কোরিয়া অবশ্য ম্যাচে ফিরতে সময় নেয়নি। আট মিনিট পরই সমতা এনে দেন ফেনুর্ডে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার ইন-বম। এরপর ৭৮ মিনিটে কোরিয়ার জালে বল জড়িয়ে দেন চেকের তমাশ সুচেক। তবে অফসাইডে সেটি বাতিল হয়ে যায়। দুই মিনিট পরই গুয়াদালাহারা স্টেডিয়ামে থাকা কোরিয়ান সমর্থকদের উল্লাসে মাতিয়ে তোলেন হিউয়ান-গিউ। হোয়াংয়ের ক্রস থেকে আসা বল জালে জড়িয়ে ২-১ করেন বেসিকতাস ফরোয়ার্ড।
চেক প্রজাতন্ত্র অবশ্য ৮২ মিনিটে সমতা প্রায় এনেই ফেলেছিল। তবে কোরিয়ান গোলকিপার কিম সুং–গিউর দুর্দান্ত সেভে সেটি আর হয়নি।
বিশ্বকাপে এটি দক্ষিণ কোরিয়ার অষ্টম জয়, ২-১ ব্যবধানে চতুর্থ জয়। মজার বিষয় হচ্ছে, এই চার ম্যাচের প্রতিটিতেই তারা প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল।
দক্ষিণ কোরিয়ার পরের ম্যাচে ১৮ জুন মেক্সিকোর বিপক্ষে। একই দিনে আটলান্টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র।























