বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনটি লাল কার্ড দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাজিলের অভিজ্ঞ রেফারি উইল্টন সাম্পাইয়ো। দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর ম্যাচে তাঁর একাধিক কঠোর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যদিও অনেকের মতে তিনি নিয়ম মেনেই দায়িত্ব পালন করেছেন।
২০০৯ সাল থেকে ব্রাজিলের শীর্ষ পর্যায়ে এবং ২০১৩ সাল থেকে ফিফা রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন সাম্পাইয়ো। এর আগে দুটি বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তবে বেশি কার্ড দেখানো ও বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তাঁর দীর্ঘদিনের সঙ্গী।
শুক্রবারের ম্যাচে ৬৫, ৮৫ এবং যোগ করা সময়ে তিনটি লাল কার্ড দেখিয়ে তিনি যেন ম্যাচের অন্যতম প্রধান চরিত্রে পরিণত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কঠোর চাহনি ও অভিব্যক্তি নিয়ে ছড়িয়ে পড়ে অসংখ্য মিম। অনেক সমর্থক মজা করে বলেছেন, ম্যাচ শেষে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারটাও যেন তাঁরই প্রাপ্য।
বিশ্বকাপের শুরুতেই ‘খলনায়ক’ তকমা পাওয়া এই ব্রাজিলীয় রেফারি যে টুর্নামেন্টজুড়ে আলোচনায় থাকবেন, তা বলাই যায়।

























