রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হওয়ায় দেশটির জাতীয় ক্রিকেট একাডেমির ডিরেক্টরের পদ শূন্য হয়ে পড়ে। সেই পদে আসছেন দ্রাবিড়েরই সাবেক সতীর্থ ও ভারতের সাবেক ওপেনার ভিভিএস লক্ষ্মণ।
ভারতের সংবাদ সংস্থা এএনআইকে এ তথ্য নিজেই জানিয়েছেন বিসিসিআইর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের। সেই শূন্যস্থান পূরণ করা হয় দ্রাবিড়কে ভারতের কোচ হিসেবে নিয়োগ দিয়ে। এর আগে দ্রাবিড় ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান। ফলে সেই পদও খালি হয়ে যায়।
সৌরভ বিসিসিআইর দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ পদগুলোতে সাবেক ভারতীয় ক্রিকেটারদের বসাচ্ছেন। তারই ধারাবাহিকতায় জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান পদে নিয়ে আসা হচ্ছে লক্ষ্মণকে।
বিসিসিআইর এক কর্মকর্তার বরাত দিয়ে এএনআই জানায়, সৌরভ এবং জয় শাহ, দু’জনেই লক্ষ্মণকে এই পদে চান।





































