রাতে আবুধাবির মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। রাত ৮টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে কখনোই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা হয়নি কিউইদের। ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ফাইনাল খেলার হাতছানি কিউইদের সামনে।
ইংল্যান্ড এবারের বিশ্বকাপের হট ফেভারিট। সুপার টুয়েলভে টানা ৪ ম্যাচ জিতে নিয়ে তারা নিশ্চিত করেছিল সেমি ফাইনাল। অবশ্য পঞ্চম ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় ১০ রানে। গত আসরের টি-টোয়েন্টির ফাইনালও খেলেছে তারা। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে তারা টুর্নামেন্টে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকে।
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে না উঠলেও ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই অনাকাঙ্ক্ষিত বাউন্ডারি আইনে হেরে যায় নিউজিল্যান্ড। এবার কিউইদের সামনে ইতিহাস বদলে দেওয়ার হাতছানি তো আছেই, ইংলিশদের হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগও বটে!

































