করোনাকালে ভিডিও কল আর অনলাইন ক্লাসের সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত হয়েছি। গুরুত্বপূর্ণ অফিসের কাজ, সাংগঠনিক চর্চা, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস সবকিছুই এখন অনলাইন ভিডিও কলের মাধ্যমে হচ্ছে।
অনেকে একে অপরের সঙ্গে সরাসরি দেখা না করেও ভিডিও কলেই সাক্ষাৎ করছেন। দীর্ঘ সময় অতিবাহীত করছেন একসঙ্গে। তাছাড়া বন্ধুদের সঙ্গে আড্ডাবাজিও হচ্ছে ভিডিও কলেই।
আর তাই ব্যবহারকারীদের এই সুবিধার কথা মাথাই রেখেই স্কাইপ যুক্ত করলো নতুন ফিচার। এবার সর্বোচ্চ ১০০ জন স্কাইপি ব্যবহারকারী এক সঙ্গে ভিডিও কলে যুক্ত হতে পারবেন।
প্রথম দিকে খুব সীমিত সংখ্যক স্কাইপ ব্যবহারকারী এক সঙ্গে ভিডিও কল করতে পারতেন। কিন্তু এখন এক ভিডিও কলে ১০০ জন একসঙ্গে যোগ দিতে পারবেন। ২৪ ঘণ্টা একটানা কথা বলা যাবে এতে। ২৪ ঘণ্টা মেয়াদ শেষে নিজে থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন করবে স্কাইপ।
এমনকি যাদের স্কাইপ অ্যাকাউন্ট নেই ভিডিও কলে যোগ দিতে পারবেন তারাও। যদিও ভিডিও কলে যোগ দেওয়া ১০০ জনের মধ্যে একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে ৪৯ জনকে।
স্কাইপ-এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, ডেস্কটপের জন্য নয়েজ ক্যানসেলেশন ফিচারও যোগ হয়েছে এবার। ফলে স্কাইপ ভিডিও কলে কেউ যুক্ত হলে কথা বলার সময় পেছন থেকে কোন বাড়তি আওয়াজ শোনা যাবে না।








































