শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পায়ুপথ থেকে ‘স্বর্ণের ডিম’ উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ১১:০২ পিএম
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পায়ুপথ থেকে ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরমান উদ্দিন সিদ্দিক নামের এক যাত্রীর পায়ুপথে বিশেষ কায়দায় লুকানো তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। যার মূল্য প্রায় পৌনে ২ কোটি টাকা।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা থেকে তাকে ওই যাত্রীকে আটক করা হয়।
উদ্ধার করা পেস্টের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। কাস্টমসের হিসাবে এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।


এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউজের বরাত দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ বলেন, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ (G9-518) ফ্লাইটে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করে প্রিভেন্টিভ টিম।

নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসা যাত্রী আরমান উদ্দিন সিদ্দিককে (পাসপোর্ট নম্বর A12028533) সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট সদৃশ স্বর্ণের প্যাকেট উদ্ধার করা হয়।


এনবিআর কর্মকর্তা আল-আমিন বলেন, প্রতিটি প্যাকেটের ওজন প্রায় ৪৩০ গ্রাম করে। তিনটির মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম এবং বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক এক কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!