ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ১২:৫৩ পিএম
ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সোয়া ১০টার দিকে একজন ও পরে পৌনে ১২টার দিকে দ্বিতীয়জনকে আটক করা হয়। অন্যদিকে ‘বঙ্গবন্ধুকে ভালোবাসি’ বলায় এক ব্যক্তিকে মারধর করে তাড়িয়ে দিয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশসহ কয়েকজন।

সকাল সোয়া ১০টার দিকে ৩২ নম্বরে ফুল দিতে এলে আটক করা হয় অর্নব দাস নামে এক ব্যক্তিকে। ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম জানিয়েছেন, অর্নব টাঙ্গাইল জেলা যুবলীগের একজন সক্রিয় সদস্য।

এদিকে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বাড়তি উপস্থিতি দেখা গেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই সড়কটিতে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে। রাজধানী জুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। নগরের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি ডিবি ও সিটিটিসির সদস্যরা মাঠে থাকবেন।

Link copied!