দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ১১:৩৮ এএম
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি

দুপুরের মধ্যে দেশের ১০টি অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রাজধানী ঢাকায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঢাকায় আজ দিনের তাপমাত্রা হালকা কমতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।

শুক্রবার সকাল ৬টা রাজধানীতে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।

অন্যদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে দেওয়া ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!