গোপালগঞ্জে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:০৬ পিএম
গোপালগঞ্জে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলায় ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, জেলার পাঁচটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বিত নিরাপত্তা বলয়ের মাধ্যমে নির্বাচনী সামগ্রী নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বগ্রহণ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্পসহ সকল নির্বাচন সামগ্রী সর্বোচ্চ নিরাপত্তায় বিতরণ নিশ্চিত করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি নিবিড় মনিটরিংয়ের আওতায় রয়েছে।

জেলা প্রশাসনের মতে, সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন রয়েছে। সম্ভাব্য সংবেদনশীল এলাকায় অতিরিক্ত ও কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসন ও যৌথ বাহিনী নিশ্চিত করেছে, গোপালগঞ্জে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সচেতন নাগরিকদের প্রতি আহ্বান—শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করুন এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতা করুন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!