আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন আনল সরকার। তাজুল ইসলামকে সরিয়ে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সোমবার সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
তাজুলের অধীনে বিচারকাজের অগ্রগতি
২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল। তাঁর নেতৃত্বে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ এসব মামলার বিচারকাজ চলমান রয়েছে।
এ পর্যন্ত তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে। ঘোষিত রায়ে ২৬ জন দণ্ডিত হয়েছেন — যাঁদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা।
আসছে আরও রায়, চলছে গুম-নির্যাতনের বিচারও
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যামামলাসহ আরও দুটি মামলার রায় এখনও ঘোষণার অপেক্ষায়। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণার কথা রয়েছে।
একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে আলাদা মামলার বিচারও ট্রাইব্যুনালে চলছে। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের হেভিওয়েট বহু মন্ত্রী-সংসদ সদস্যও এখন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি।

































