কোভ্যাক্সের আওতায় জাপান বাংলাদেশকে করোনাভাইরাসের আরও টিকা দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব)।
বাংলাদেশকে এ পর্যন্ত করোনা টিকার প্রায় ৩০ লাখ ডোজ দিয়েছে জাপান।
দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, “জাপান বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় করোনার আরও টিকা সরবরাহ করবে। বর্তমানে জাপানের পরিকল্পনায় এটি রয়েছে। আশা করছি, এটা নভেম্বরে আসতে পারে।”
তবে কত পরিমাণ টিকা বাংলাদেশকে দেওয়া হবে, সেই বিষয়ে কিছু জানাননি দেশটির রাষ্ট্রদূত।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি আরও বলেন, “জাপান সব সময় বাংলাদেশের পাশে থাকবে। জাপান সরকার করোনার টিকা ছাড়াও অন্যান্য মেডিকেল সরঞ্জাম সরবরাহ করবে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ও কিছু ইনস্টিটিউটকে এসব সরঞ্জাম দেওয়া হবে।”
































