বস্তিবাসী এবং আমরা অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টম্বর) বিকেলে রাজধানীর বনানীর কড়াইল বস্তি আদর্শনগর এরশাদ স্কুল মাঠে বিশেষ গণটিকা কার্যক্রম কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্তিবাসীদের উদ্দেশ্যে মেয়র এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বস্তিবাসীকে পছন্দ করেন উল্লেখ করে মেয়র আতিক বলেন, “আমরা চাইলে এখানে বড় একটি কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করতে পারতাম। হেপি বার্থ ডে বলতাম, বেলুন উড়িয়ে দিতাম। আমরা বলেছি না, এটি আমরা করব না। যেভাবে ঢাকা সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে টিকা দেওয়া হচ্ছে এই প্রথম বারের মতো ঢাকা উত্তরের বস্তিবাসীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার এই টিকার কর্মসূচি আমরা করতে যাচ্ছি।”
বস্তিবাসীদের জন্য স্থায়ী একটি পরিকল্পনা রয়েছে উল্লেখ করে মেয়র আরও বলেন, “এখানকার ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজ ভাই ও স্থানীয়দের নিয়ে পরিকল্পনা করছি, কীভাবে কড়াইল বস্তিতে কিছু জায়গার মধ্যেও স্থায়ী সমাধান করা যায়। বস্তিবাসী যারা আছেন তাদের নিয়ে আমরা মিটিং করছি। এই নিয়ে আপনাদেরও কথা বলতে হবে।”
বস্তিবাসীকে স্বাস্থ্যসচেতনার কথা উল্লেখ করেন মেয়র আরও বলেন, “প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাষানটেক বস্তিসহ আজকে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্যোগ নিয়েছি। সবাইকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, দিচ্ছি। সবাই মাস্ক পরুন। আর সচেতন থাকুন।”
মেয়র আতিক আরও বলেন, “বস্তিগুলোতে পানি নেভানোর জন্য ফায়ার হাইড্রেন্ট বসিয়ে দেওয়ার পরিকল্পনা করেছি। এটার জন্য আমাদের ১০ কোটি টাকার একটা বরাদ্ধ রেখেছি আমরা।”
কর্মসূচি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. মফিজুর রহমানসহ স্থানীয় নেতারা।



































