• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

অভিজাত এলাকায় বিল-কর বেশি চান মন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৯:১৩ পিএম
অভিজাত এলাকায় বিল-কর বেশি চান মন্ত্রী

রাজধানীতে এলাকাভেদে ভিন্ন রকমের ইউটিলিটি বিল ও হোল্ডিং কর আদায়ের প্রস্তাব করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘ঢাকা শহরের জলাবদ্ধতা: সমস্যা ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, “অভিজাত এলাকার জন্য হোল্ডিং ট্যাক্স বাড়ান, গ্যাসের দাম বাড়ান, পানির দাম বাড়ান। মানুষ তখন দামি এলাকা থেকে গিয়ে আরেকটু দূরে যাবে।”

এ সময় নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা এলজিআরডিমন্ত্রী তাজুল বলেন, “আপনি গুলশানে বসবাস করেন, কেউ বসবাস করে যাত্রাবাড়িতে, দূরে; পানির দাম যদি গুলশানেও ১৪ টাকা হয়, যাত্রাবাড়িতেও ১৪ টাকা হয়, এটা কি মানুষের জন্য যথাযথ কিছু হল?
আমি বলি, এটা যেহেতু অভিজাত এলাকা, এটার জন্য দাম বেশি হবে। জোনভিত্তিক ইউটিলিটি চার্জও নির্ধারণ করতে হবে। আপনি এখানে অভিজাত সুযোগ-সুবিধা ভোগ করছেন, আপনাকে বেশি দিতে হবে।”

এ সময় ঢাকা থেকে লোকজনকে সরানোর জন্য রাজধানীর বাইরের সুযোগ-সুবিধা বাড়ানোর উপর জোর দেন তিনি।

রাজধানীসহ সব নগর-মহানগর এমনকি গ্রামকেও পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, “ঢাকাকে আধুনিক-দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত করতে নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু হয়েছে। ঢাকা শহরের প্রত্যেকটি খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। খালের দুই পাড়ে বাঁধ দিয়ে ওয়াকওয়ে তৈরি করা হবে। একইসঙ্গে গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় থাকা খালগুলো শিগগির সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকার ভবনগুলোর উচ্চতার বিষয়ে গেজেট আগামী ডিসেম্বরে প্রকাশ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে গেজেট করা হবে। এর মাধ্যমে আমরা অনেকগুলো সুযোগ-সুবিধা পাব। ইন্টারনাল-এক্সটার্নাল সুযোগ-সুবিধা সব থাকবে।”

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট এর অধ্যাপক মফিজুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Link copied!