রাজধানীতে সাড়ে ৩ হাজার মাদক ব্যবসায়ী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০২:০৭ পিএম
রাজধানীতে সাড়ে ৩ হাজার মাদক ব্যবসায়ী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানী ঢাকায় সাড়ে তিন হাজার মাদক ব্যবসায়ীর তালিকা তৈরি করেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সংস্থার ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

সংস্থাটি বলেছে, রাজধানীতে মাদক ব্যবসায় জড়িত এই সাড়ে তিন হাজার ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ীরা কেউ সরাসরি এই কাজে জড়িত, কেউ পৃষ্ঠপোষক, আবার কেউ বিনিয়োগকারী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রোর-উত্তরের একটি দল রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকায় সাঁড়াশি অভিযানের পর ৯০ লাখ টাকা মূল্যের ৫৬০ গ্রাম আইস ও ১২০০ পিস ইয়াবা উদ্ধার এবং পাঁচ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

ডিএনসির দাবি, জব্দ করা আইস এখন পর্যন্ত ঢাকায় আটক হওয়া আইসের সবচেয়ে বড় চালান।

ফজলুর রহমান বলেন, সব ধরনের মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। মাদকের গডফাদারদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে অধিদপ্তর।

অনেকে মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত নয় উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে ব্যবসা ছেড়ে দিলেও এখন পৃষ্ঠপোষকতা করছেন। কেউবা নিজে সরাসরি না জড়িয়ে লগ্নি করে অন্যদের দিয়ে ব্যবসা পরিচালনা করছেন।

তালিকা কীভাবে করা হয়েছে জানতে চাইলে ফজলুর রহমান বলেন, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, সাধারণ এলাকাবাসী, ভুক্তভোগী, মাদকসেবী, মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য, মামলা বা আগের মাদকসংক্রান্ত অপরাধের ধরন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যগত সমন্বয় করে অধিদপ্তর নিজস্ব প্রক্রিয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রো উত্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান ও সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!