একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদারসহ চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নান, আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ এবং নুরুল আমীন হাওলাদার। এদের মধ্যে নুরুল আমীন হাওলাদার পলাতক।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় পিরোজপুরের ভান্ডারিয়ায় আটককে রেখে নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার চারটি অভিযোগ আনা হয়েছিল আসামিদের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আসামির সবার সর্বোচ্চ সাজার আদেশ এসেছে রায়ে।
রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন প্রসিকিউটর সাহিদুর রহমান, সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী গাজী এম এইচ তামিম।





























