২৩ ও ২৮ মে ঢাকা ছাড়া সব মহানগরে বিএনপির পদযাত্রা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৮, ২০২৩, ০১:১৯ পিএম
২৩ ও ২৮ মে ঢাকা ছাড়া সব মহানগরে বিএনপির পদযাত্রা

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে আবারও পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, “উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের আজ্ঞাবহ পুলিশি হয়রানি, গ্রেপ্তার, গায়েবি মামলা, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে ঢাকা ছাড়া দেশব্যাপী সব মহানগরে বিএনপির উদ্যোগে ২৩ ও ২৮ মে পদযাত্রা হবে।”

বিএনপির এই নেতা আরও বলেন, “২০১৪ ও ২০১৮-এর মতো ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া এবার আর হচ্ছে। তাই আবোল-তাবোল বলছেন সরকারপ্রধান। কোনো কূটকৌশল আর কাজে আসছে না। বর্তমান সরকারের ক্ষমতায় টিকে থাকার দিন শেষ। তাই নতুন করে অসংলগ্ন কর্মকাণ্ড করছে। গ্রেপ্তার ও গায়েবি মামলায় মেতে উঠেছে।”

রিজভী বলেন, “দেশি-বিদেশি অঙ্গনে সবাই জেনে গেছে ক্ষমতাসীনরা আবারও একতরফা নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে খেই হারিয়েছে সরকার। তাদের কাছে এখন আর ভোটাধিকার ও নির্বাচন নিরাপদ নয়।”

Link copied!