তিন দিনের সরকারি সফরে ভারত গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে সেনাবাহিনী প্রধান ঢাকা ছাড়েন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনীর ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেনারেল শফিউদ্দিন। এ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন সেনাবাহিনী প্রধান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।
এছাড়া ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজও পরিদর্শন করবেন সেনাপ্রধান।
ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গেও জেনারেল শফিউদ্দিন বৈঠক করবেন। সফর শেষে ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন সেনাপ্রধান।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)















