১৬ জানুয়ারি বিএনপির রাজনৈতিক কর্মসূচির দিনেও পাহারায় থাকবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি আরও বলেন, “বিএনপির কর্মসূচি দেখলে মনে হয় খালি কলসি বাজে বেশি। আমরা ঢাকা শহরে তাদের গণ-অবস্থান কর্মসূচিতে যেমন সতর্ক পাহারায় ছিলাম, তেমনি ১৬ জানুয়ারিতেও রাস্তায় থাকব।”
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, “১৬ জানুয়ারি বিএনপি কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে উচিত জবাব দেওয়া হবে। আমরা ডিসেম্বরের ১০ তারিখ যেমন সতর্ক পাহারায় ছিলাম, ৩০ তারিখ তারা ঢাকায় গণমিছিল ডেকেছিল এবং ১১ জানুয়ারি গণ-অবস্থান ডেকেছিল, সেদিনও আমরা সতর্ক পাহারায় ছিলাম। একইভাবে আগামী ১৬ জানুয়ারিসহ ভবিষ্যতেও তারা কর্মসূচির নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা উচিত জবাব দেব।”
এ সময় ‘সরকারবিরোধী’ রাজনৈতিক দল বিএনপির কঠোর সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, “আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা একটি দল। কিন্তু বিএনপি বিদেশিদের পদলেহন করে।”
হাছান মাহমুদ যোগ করেন, “জেল থেকে বেরিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা গণতন্ত্রের পথে হাঁটার আভাস দিচ্ছেন। তাদের দীর্ঘায়ু কামনা করছি। আশা করছি, তারা করোনার চতুর্থ ডোজ দেবেন। কারণ, তাদের আরও আন্দোলন করতে হবে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জামিনে মুক্তি পেয়েছেন, এতে প্রমাণিত হয় আইন-আদালত স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ চায়, নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের বিষয়টি নির্ধারিত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, “বিএনপি নির্বাচনে আসুক সেটাই চায় আওয়ামী লীগ। জেল থেকে বের হওয়ার পর বিএনপি নেতারাও কথাবার্তায় নমনীয় ভাব প্রকাশ করছেন। তারা নির্বাচনের কথা বলছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের রীতিনীতি।”
মন্ত্রী বলেন, “অবশ্যই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। সরকার সেই ক্ষেত্রে সহযোগিতা করছে এবং করবে। কিন্তু তারা রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করার অপচেষ্টা চালালে জনগণ প্রতিহত করবে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও থাকবে।”
































