‘পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৪:০৬ পিএম
‘পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি’

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় এবং পেছনের দরজা দিয়েই ক্ষমতায় গিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, “আওয়ামী লীগ জনগণের মেন্ডেড নিয়ে সরকার গঠন করেছে এবং দেশ পরিচালনা করছে। আমাদের জনগণ যত দিন চাইবে তত দিন আমরা দেশ পরিচালনা করব। জনগণ না চাইলে আমরা এক দিনও থাকব না।”

শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত জানিয়ে তথ‌্যমন্ত্রী বলেন, “ডিসেম্বরে রেকর্ড রেমিট‌্যান্স এসেছে এবং গত কয়েক মাসে রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের দেশ অনেক বেশি এগিয়ে যেতে পারত যদি বিএনপি ও তার মিত্রদের নেতিবাচক রাজনীতি না থাকত, গুজব ছড়ানোর রাজনীতি না থাকত এবং মানুষকে বিভ্রান্ত না করে, একই সঙ্গে বিদেশিদের পদলেহনের রাজনীতি না করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি যদি না থাকত।”

হাছান মাহমুদ বলেন, “পদ্মা সেতু নির্মাণের শুরুতে নর বলি দিতে হবে বলে গুজব ছড়ানো হয়েছিল। করোনা মাহামারির সময়ে করোনার টিকা যখন সর্বাগ্রে এনেছিল, ১৩২টি দেশ যখন শুরু করতে পারেনি; তখন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকার ব‌্যবস্থা করেছিলেন। তখন কীভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল! সময়ে সময়ে গুজব ছড়ানো হয়, সামাজিক যোগাযোগমাধ‌্যমে দেশ-বিদেশ থেকে গুজব ছড়ানো হয়, বিভ্রান্ত করা হয়।”

ড. হাছান বলেন, “এভাবে ষড়যন্ত্র, নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতি যদি বিএনপি ও তাদের মিত্রদের না থাকতো তাহলে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যেতে পারত। কিন্তু সব ষড়যন্ত্র মোকাবিলা করে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”

গাইবান্ধা নির্বাচন সম্পর্তে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনই বলছে গাইবান্ধা নির্বাচন অত‌্যন্ত সুন্দর এবং সফল একটি নির্বাচন তারা করতে পেরেছে। আমরা দেখছি অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। প্রচণ্ড শীত সেখানে, এজন‌্য ভোটার টার্ন আউট কম হলেও সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয়েছে। গতবার নির্বাচন স্থগিত না হলেও আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করত। সেখানকার ভোটারদের মধ‌্যে একটি হতাশা ছিল যে, গতবার ভোট দিয়ে তারা ফল পায়নি। এবার পেয়েছে।”

Link copied!