রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় ব্যবসায়ী আসাদুল ইসলাম জাহিদকে (৩১) ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে শেখেরটেক ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে। জাহিদ মিরপুর ১ নম্বর সেকশনের বুদ্ধিজীবী ক্রীড়াঙ্গন এলাকার বাসিন্দা। স্বজনরা জানান, জাহিদ মসলার ব্যবসা করেন।
আহত জাহিদ জানান, সন্ধ্যার পর পাওনা টাকা আদায়ের জন্য শেখেরটেক ৮ নম্বর বাজারে যাচ্ছিলেন। হেঁটে ৬ নম্বর রোড দিয়ে যাওয়ার সময় ৩ জন তার পথরোধ করে। তার কাছ থেকে মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তাদের পিছু নিলে একজন জাহিদের পেটের বাঁ পাশে ছুরিকাঘাত করে এবং লাঠি দিয়ে আঘাত করে।পরে তার স্বজনরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত জাহিদকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি আদাবর থানা-পুলিশকে জানানো হয়েছে।



































