• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

বাংলাদেশের উন্নয়নে পাশে আছি : দোরাইস্বামী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৬:৫২ পিএম
বাংলাদেশের উন্নয়নে পাশে আছি : দোরাইস্বামী

বাংলাদেশের উন্নয়নে ভারত সব সময় পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সোমবার (৩০ আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ও মহানগর সর্বজনীন পূজা কমিটি। বিক্রম দোরাইস্বামী ভার্চুয়ালি এতে যুক্ত হন।

বিক্রম দোরাইস্বামী বলেন, “আমি মনে করি এটা বাংলাদেশের জন্য আশীর্বাদ যে, বাংলাদেশিরা স্বাধীনতার ৫০ বছর পালন করতে পারছে এবং স্মরণ করতে পারছে বঙ্গবন্ধু ও যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। প্রতিবেশী দেশ হিসেবে আমরা বাংলাদেশের উন্নয়নে পাশে আছি। এভাবে আমরা একসঙ্গে দক্ষিণ এশিয়ায় উন্নয়নের রূপরেখা তৈরি করব।”

এ সময় তিনি সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, “দুর্ভাগ্যবশত আমরা এবার করোনার কারণে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আগের মতো আয়োজন করতে পারিনি। আমাদের সচেতন ও সামাজিক দূরত্ব মেনে চলতে হয়। আমরা অবশ্যই আগামী দিনে উদ্যমতার সঙ্গে সব ধর্মীয় উৎসব চির চেনা রূপে পালন করব।”

বিক্রম দোরাইস্বামী আরও বলেন, “বঙ্গবন্ধুর বাংলাদেশ যেকোনো পরিস্থিতিতে সব উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই আত্মশক্তিটি সত্যিই আমার কাছে অনেক বিশেষ। প্রধানমন্ত্রীর এই কথাটি আমার মধ্যে একটি অন্য রকম শক্তি জোগায়। আমি চাই এ শক্তি চিরকাল থাকুক। কারণ এটি আমাদের সব ধর্মের সব উৎসব পালনে উদ্দীপনা জোগায়।”

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, “মিলেমিশে ধর্মীয় উৎসব পালন আমাদের মধ্যে শক্তি জোগায় এবং উন্নয়নেও সহায়তা করে। আমি দেখেছি কীভাবে বাংলাদেশিরা তাদের সংস্কৃতিকে মূল্য দেয় এবং ঐতিহ্যকে ধরে রাখে। বাংলাদেশ কোনোভাবেই শক্তিমত্তাটি ভেঙে পড়তে দেবে না বলেই আমার বিশ্বাস।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ঢাকেশ্বরী মন্দিরে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!