‘১০ ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টনে, সোহরাওয়ার্দীতে নয়’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০৮:১৬ পিএম
‘১০ ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টনে, সোহরাওয়ার্দীতে নয়’

বিএনপির ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টনেই হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিন বলেছেন, “আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বিভিন্ন নেতাকর্মীদের বাসায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে ১০ ডিসেম্বরের গণসমাবেশ মূলত জনস্বার্থের সমাবেশ। এটি হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার সমাবেশ।”

মঙ্গলবার (২৯ নভেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি; সব মিলিয়ে নৈরাজ্য তৈরি হয়েছে উল্লেখ করে  রিজভী বলেন, “আমরা প্রতিবাদে গণসমাবেশ করছি। চলমান দুর্ভোগ সরকারের সৃষ্টি। সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে বিএনপি আন্দোলন করে আসছে “

তিনি বলেন, “দেশের ১০ বিভাগের ভেতর ৮টিতে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর রাজশাহীতে সমাবেশ হবে; এরপর ১০ ডিসেম্বর ঢাকা বিভাগে হবে।”

এর আগে, ২৬ শর্তে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওইদিন দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সমাবেশ করতে পারবে দলটি।

মঙ্গলবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেনের সই করা এক লিখিত স্মারকে এই তথ্য জানানো হয়।

Link copied!