বিচারপতি মানিকের ওপর হামলা, বিএনপি নেতাসহ ৩ জন রিমান্ডে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ০৫:১৫ পিএম
বিচারপতি মানিকের ওপর হামলা, বিএনপি নেতাসহ ৩ জন রিমান্ডে

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

অপর দুই আসামি হলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নি। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আসামিদের বুধবার আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরমান আলী।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২ নভেম্বর পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিকের গাড়িতে হামলা করা হয়। এ ঘটনায় তার পক্ষে গানম্যান রফিকুল ইসলাম মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!