এই কঠিন সময় বেশি দিন থাকবে না : নসরুল হামিদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ১২:২৮ পিএম
এই কঠিন সময় বেশি দিন থাকবে না : নসরুল হামিদ

জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। সোমবার (২৯ আগস্ট) ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে কমানো হয়। তবে এ নিয়ে সমালোচনা হচ্ছে নানা দিকে।

এদিকে দাম বাড়ানোর পর জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নিজের ফেরিফায়েড পেজে প্রতিমন্ত্রী বলেন, “দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল। আপনাদের আশ্বস্ত করতে চাই বিশ্ববাজারের সঙ্গে দেশেও আমরা নিয়মিত মূল্য সমন্বয় করব।”

জাতীয় রাজস্ব বোর্ড গতকাল (রোববার) প্রজ্ঞাপনে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজেলের ওপর আরোপনীয় সমুদয় আগাম কর থেকে অব্যাহতি এবং আমদানি শুল্ক ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করার ফলে ভোক্তা পর্যায় জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের মূল্য সমন্বয় করা হয়েছে।

(২৯ আগস্ট) রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১০৯ টাকা/লিটার, কেরোসিন ১০৯ টাকা/লিটার, অকটেন ১৩০ টাকা/ লিটার ও পেট্রল ১২৫ টাকা/লিটার হবে।

আমরা এখনো মনে করি সাধারণ মানুষের জন্য বর্তমান দামটাও একটু বেশি হয়ে যায়। সবার প্রতি অনুরোধ একটু ধৈর্য ধরুন। আশা করি এই কঠিন সময় খুব বেশি দিন থাকবে না। জনবান্ধব আওয়ামী লীগ সরকার কোনো অবস্থায়ই জনগণের কষ্ট হয়, এমন কোনো কাজ করতে চায় না। বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের নিরুপায় হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পথ বেছে নিতে হয়েছে।

আন্তর্জাতিক বাজারে বর্তমানে ডিজেলের মূল্য ছিল প্রতি ব্যারেল ১৪৭.৬২ মার্কিন ডলার। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেলের মূল্য পড়ে ১২৮.৬১ টাকা। অর্থাৎ ১০৯ টাকা ধরে ডিজেল বিক্রয় করলে প্রতি লিটারে বিপিসির লোকসান হবে ১৯.৬১ টাকা।

সবাইকে একটা তথ্য জানিয়ে রাখি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ছয় মাসে (ফেব্রুয়ারি ২২ থেকে জুলাই পর্যন্ত) জ্বালানি তেল বিক্রয়ে (সকল পণ্য) ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে।

Link copied!