দেশের স্বার্থে কথা বললেই সরকারের কিছু নেতা ষড়যন্ত্র খোঁজে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেছেন, “আমরা যখন বলেছি, দেশ শ্রীলঙ্কার মতো ব্যর্থ হতে চলছে। তখন আমাদের মূর্খ বলেছে। এখন আমাদের প্রশ্ন, দেশে লোডশেডিং কেন? ডলারের দাম এত বেড়েছে কেন? জ্বালানি তেলের দাম এত বেড়েছে কেন? সারা দিন বিশ্বব্যাংক আর আইএমএফ-কে গালাগাল দিয়ে এখন ঋণের জন্য তাদের পেছনে ঘুরছেন কেন?”
শুক্রবার (১২ আগস্ট) বিকালে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠে মিরপুর ও শাহ্আলী থানার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের সার্বিক পরিস্থিতির সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, “বিদ্যুৎ উৎপাদন করেনি এমন প্রতিষ্ঠানকে বছরে ২৪ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে শুধু লুটপাটের জন্য। তাই আমেরিকা আর সিঙ্গাপুরের উদ্দেশ্য ছেড়ে দেওয়া উন্নয়নের নৌকা এখন শ্রীলঙ্কার পথে।”
তেলের দাম বাড়িয়ে সরকার মানুষকে মৃত্যু যন্ত্রণার মুখে ঠেলে দিয়েছে জানিয়ে জি এম কাদের বলেন, “সরকার বলছে জ্বালানি তেলের মূল্যে ভর্তুকি দিচ্ছে। আসলে কোনো ভর্তুকি দেয়নি সরকার। কয়েক বছরে ৪২ হাজার কোটি টাকা মুনাফা করেছে, সেই টাকা দিয়েই তেলের মূল্য সমন্বয় করলে তেলের দাম বাড়াতে হতো না। জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।”
টাকা পাচারকারীদের তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে তিনি বলেন, “প্রতি বছর কারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, তাদের তালিকা জানতে চায় দেশের মানুষ। পাচারকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। গেল বছর সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। সরকার পাচারকারীদের তথ্য প্রকাশ না করে নিজেকেই প্রশ্নবিদ্ধ করছে। দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অপরাধীদের পক্ষ নিচ্ছে সরকার।”
























