হরমুজ থেকে ভারত মহাসাগর পর্যন্ত জলসীমায় নিয়ন্ত্রণের দাবি ইরানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০১:১২ পিএম
হরমুজ থেকে ভারত মহাসাগর পর্যন্ত জলসীমায় নিয়ন্ত্রণের দাবি ইরানের

হরমুজ প্রণালির পূর্ব অংশ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলসীমায় নিজেদের নৌবাহিনীর নিয়ন্ত্রণ ও নজরদারি রয়েছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বাড়ার মধ্যে দেশটির সেনাবাহিনী এ দাবি করেছে।

ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সামরিক মুখপাত্র মোহাম্মদ আকরামনিয়া বলেছেন, দেশটির নৌবাহিনী কৌশলগত এই জলপথ ও আশপাশের সাগরে নজরদারি অব্যাহত রেখেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দিয়েছে তারা। ওয়াশিংটনের দাবি, জাহাজটি ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছে দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনেছে।

সামরিক বাহিনীগুলোর পাল্টাপাল্টি এসব দাবির মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বাণিজ্যিক জাহাজে হামলা এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচল স্বাভাবিক হয়নি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের ইসফাহানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রদেশটির প্রাচীন স্থাপনার পাশাপাশি শিল্প ও প্রতিরক্ষা অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সাংস্কৃতিক সম্মেলনে পাঠানো বার্তায় আরাঘচি বলেন, সাম্প্রতিক দুটি যুদ্ধে হামলাকারীরা অঞ্চলটির আধুনিক সক্ষমতার পাশাপাশি ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন এবং ঐতিহাসিক ভবনগুলো পুনরুদ্ধারের কাজ ইতিমধ্যে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। তার ভাষ্য, ‘এই ভূখণ্ডের শত্রুদের বিরুদ্ধে ইরানের বিজয় নিশ্চিত হওয়ার এবং সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধ শেষ হওয়ার পর শান্তির কূটনীতি নতুন দিগন্ত খুলে দিয়েছে।’

ইসফাহানকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে শান্তির কূটনীতি, সাংস্কৃতিক যোগাযোগ এবং পর্যটনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন আরাঘচি।

সূত্র : আলজাজিরা 
 

Link copied!