দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে ও শক্তভাবে জবাব দিই। যাতে করে তারা আর ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
আজ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের নারী-পুরুষ, শিশুসহ ছাত্র-ছাত্রী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই সন্ত্রাসী গ্রুপটি জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল।
তিনি বলেন, ১৬ বছর তারা জনগণের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনে ফিরে পেতে চায় না বাংলাদেশের মানুষ। যারা নিশিরাতে নির্বাচন করেছিল, আমি-ডামির নির্বাচন করেছিল, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
তারেক রহমান বলেন, ১৬ বছর ক্ষমতা দখল করে থেকেও কেন তারা তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কেন তারা এই এলাকায় গ্যাসলাইন আনেনি? কেন এই এলাকায় ইপিজেড স্থাপন করেনি? এই প্রশ্ন আমার ও আপনাদেরও। কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না। সেজন্যই আমরা দেখেছি, প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক পত্রপত্রিকায় উঠে এসেছে, কীভাবে এই দেশের দুস্থ, অসহায়, গরিব মানুষের টাকা বিদেশে পাচার করে তারা আরাম-আয়েশে জীবনযাপন করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে. সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার, গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকার তারা আবার কেড়ে নিতে চায়। তাদেরকে কি আবার গুম-খুন, ভোটের অধিকার ও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করার অনুমতি আপনারা দেবেন?
প্রধানমন্ত্রী বলেন, যদি তা না হয়, তাহলে আসুন, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সকল গণতন্ত্রপ্রিয় মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
তিনি বলেন, গত কয়েকদিন দেখেছেন, ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুটতরাজ করেছে, মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে। পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুনের সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। মানুষকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।
বাংলাদেশের মানুষ আর ভোট দখলের, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে। তারা ৬০ জন শিশুকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সকল রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।
প্রধানমন্ত্রী বলেন, লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও তারা একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে। আমরা চাই আমাদের দেশের শিল্প-কলকারখানাগুলো সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে। আমরা চাই আমাদের দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে। আমরা চাই আমাদের মা-বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মহেন্দ্রনগর মডেল খাল খনন সম্পন্ন হলে যে পানি আসবে, তার মাধ্যমে কৃষক ভাইয়েরা সেচের সুবিধা পাবে। খালের পাশে বসবাসকারী প্রত্যেকটি মানুষ পানির কষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, খালটিকে সুন্দর করে কিছুদূর পরপর ভাগ করে আমাদের তরুণদের মধ্যে বরাদ্দ করে দেব, যাতে করে তারা সেখানে মাছের চাষ ও হাঁস-মুরগি পালন করতে পারে। যাতে করে তাদের কর্মসংস্থান, আয়-রোজগারের ব্যবস্থা হয়। বিএনপি সরকার সিদ্ধান্ত নিয়েছে সমগ্র বাংলাদেশে আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে।
তিনি বলেন, আমরা খনন করছি দেশের মানুষের পানির সুবিধার জন্য, কৃষক ভাইদের সেচের সুবিধার জন্য, তরুণ-যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য। অর্থাৎ দেশের মানুষের জন্য।
তিনি আরও বলেন, আমরা বলেছিলাম সরকার গঠন করতে পারলে দেশের মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড দেব। আমরা দেখব না কে কাকে ভোট দিয়েছে। সেই ফ্যামিলি কার্ডের তালিকা তৈরির কাজও প্রায় সম্পন্ন হয়ে এসেছে। ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমরা ফ্যামিলি কার্ড দেব। বিশেষ করে প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে এই কার্ড দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার, প্রত্যেক নারী মাস শেষে আড়াই হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে পাবে। যাতে করে সে তার পরিবারের দেখভাল করতে পারে, সন্তানদের লেখাপড়া এবং ভালো খাবারের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ ধীরে ধীরে যাতে সে সচ্ছল হয়ে উঠতে পারে।
সরকার প্রধান বলেন, খাল খননের মাধ্যমে যেমন কৃষক ভাইদের সেচের সুবিধা করে দিতে চাই, একইভাবে আমরা বলেছিলাম, কৃষক ভাইদের কৃষক কার্ড দেব। যাতে করে একটি ফসলের বছরে সে দুইটি ফসল করে, তার মধ্যে অন্তত একটি ফসলের জন্য প্রয়োজনীয় সহযোগিতা আমরা সরকার থেকে করতে পারি।
তিনি বলেন, আমরা বলেছিলাম, বাংলাদেশে মসজিদ-মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় ব্যক্তিত্বদের পাশেও আমরা দাঁড়াতে চাই। সেই জন্য সরকারের পক্ষ থেকে তাদের সম্মানীর ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ ধীরে ধীরে এটি আরও বাড়বে। বাংলাদেশে এ বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বের সম্মানীর ব্যবস্থা করা হবে।
তারেক রহমান বলেন, আমরা ধীরে ধীরে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কাছে প্রতি বছরের প্রথমে বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস পৌঁছে দিতে চাই। ছোট ছোট বাচ্চাদের নতুন পোশাক দিতে চাই সরকারের পক্ষ থেকে।
তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, ছেলেমেয়ে মিলিয়ে ৭০ লাখ শিক্ষার্থীকে সরকার থেকে উপবৃত্তি দেব। আগামী এক-দুই মাসের মধ্যে এই উপবৃত্তির কাজ শুরু হবে।
প্রধানমন্ত্রী বলেন, একটু আগে দুলু সাহেব বলেছেন, এখানে ইপিজেডের কথা, যাতে এই এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আপনারা জানলে খুশি হবেন, আমরা খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসের লাইন নিয়ে আসব। যাতে করে সেই গ্যাস দিয়ে কলকারখানা চালানো সম্ভব হয়। গ্যাসলাইনটা আমরা নিয়ে আসতে পারলে বিনিয়োগকারীরা এই অঞ্চলসহ রংপুর বিভাগে শিল্প-কারখানা স্থাপন করবে। তখন আমাদের যুবসমাজের কর্মসংস্থানের সমস্যা অনেকাংশে দূর হবে।
তিনি বলেন, গত কয়েক মাসে এই দেশ থেকে যারা বিদেশে গিয়ে কাজ করছে, এমন পাঁচ লাখ যুবক ভাইকে আমরা বিদেশে পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি, যাতে মধ্যপ্রাচ্যসহ মালয়েশিয়ায় আরও মানুষ যেতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আমাদের সন্তানেরা যারা বিদেশে শ্রমের জন্য যাচ্ছে, কাজের জন্য যাচ্ছে, তারা যাতে কম খরচে যেতে পারে, সেই ব্যবস্থাও আমরা করার চেষ্টা করছি।
এর আগে প্রধানমন্ত্রী মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে দলের নেতা-কর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখতে পথের দুই ধারে ভিড় করেন জনসাধারণ। নানা রঙের পোশাক পড়ে বর্ণিল ডিসপ্লের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করে শিশুরাও। এছাড়া নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয় সভাস্থল।
একদিনের সফরে আজ সকালে লালমনিরহাট পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সকার সাড়ে ১০ টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।
সফরের নির্ধারিত কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।








