প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান

’ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১১:১৫ এএম
’ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

বুধবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার উপকূল থেকে প্রায় ১ হাজার ১২৫ কিলোমিটার এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার কিলোমিটারের বেশি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং সাগর খুবই উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন এসেছে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব এলাকার আকাশ মেঘলা রয়েছে এবং সকাল ৮টার দিকে ঢাকায় বৃষ্টি শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, আগামী অন্তত দুই দিন দেশজুড়ে থেমে থেমে বৃষ্টি হতে পারে। বেশির ভাগ জায়গায় হালকা বৃষ্টি হলেও কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই বৃষ্টির পর দেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Link copied!