জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে জাদুঘর ভ্রমণ করতে চাইলে আগে থেকেই অনলাইনে বুকিং করে যেতে হবে।
মঙ্গলবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, একসঙ্গে অনেক দর্শনার্থী এলে ব্যবস্থাপনা কঠিন হতে পারে বলে নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীদের আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে বলে জানান তিনি।
যেভাবে কাটবেন টিকিট
প্রথমেই চলে যেতে হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ওয়েবসাইটে। সেখানে গিয়ে প্রথমে নিজের একটি প্রোফাইল তৈরি করতে হবে। এজন্য LOGIN বাটনে ক্লিক করলে নতুন একটি উইন্ডো খুলবে যেখানে নতুন প্রফাইল তৈরি করতে CREATE NEW ACCOUNT-এর অপশন পাবেন।
এই বাটনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিতে হবে এবং ওটিপি দিয়ে ওয়েবসাইটে লগইন করে আপনার নাম ও ইমেইল দিয়ে প্রোফাইলটি সম্পূর্ণ করতে হবে।
প্রফাইল তৈরির পর BUY TICKET বাটনে ক্লিক করে টিকিট কেনা যাবে। প্রথমে ভ্রমণের দিন নিশ্চিত করতে হবে। এরপর সেদিনের তিনটি স্লটে সময় দেখতে পাবেন এবং টিকিট অবশিষ্ট আছে কি না সেটি দেখতে পাবেন।
এরপর কতজন ভ্রমণ করছেন সেটি নিশ্চিত করতে হবে। এরপর Proceed to Checkout বাটনে ক্লিক করে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং বাংলা কিউআর দিয়ে পেমেন্ট করা যাবে।
বাংলাদেশি প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য প্রতি টিকিট ৫০ টাকা, ৩ থেকে ১২ বছরের শিশুদের জন্য ২০ টাকা, সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ৫০০ টাকা এবং অন্যসব দেশের নাগরিকদের জন্য ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।




















