জুলাই আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের এমপি আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, ‘যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই বিক্রি করে উপদেষ্টা হয়েছিল।’
আজ মঙ্গলবার রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।
আন্দালিব রহমান পার্থ বললেন, ‘জুলাই নিয়ে আমি একটা কথা বলব। আমরা অনেকেই বলেছি জুলাইযোদ্ধা, জুলাইযোদ্ধা। আমি পার্লামেন্টে এ নিয়ে অনেক কথা বলেছি। তাদের তো জুলাই বিক্রি করতেই হবে। কারণ জুলাই ছাড়া আমরা এখানে যারা বসে আছি, আমাদের সবার রাজনৈতিক পরিচয় আছে। কিন্তু জুলাই ছাড়া তাদের কোনো পরিচয় নেই। আমরা প্রত্যেকে কোনো না কোনো রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে পরিচিত। কিন্তু জুলাই ছাড়া তাদের বাংলাদেশে কেউ চিনত না। জুলাই বিক্রি করেই তো যাদের কমিশনার, মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল। সুতরাং জুলাই তো রাখতেই হবে।’
জুলাই আন্দোলনের কৃতিত্ব প্রসঙ্গে পার্থ বলেছেন, ‘সংসদে আমি ক্রিকেট খেলার একটি উদাহরণ দিয়েছিলাম। ছয় বলে হয়তো ১২ রান তারা করেছে, কিন্তু বাকি ৩০০ রান তো আমরা করেছি। সুতরাং জুলাইকে তারা বিক্রি করবে। এভাবে তারা আন্দোলনকেই ছোট করবে।’
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বললেন, ‘জামায়াতে ইসলামী বা অন্যদের নিয়ে কথা বলতে বলতে আমরা যেন আসল ভিলেনকে ভুলে না যাই। যারা বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করেছে, ১৭ বছর মানুষকে স্বস্তিতে থাকতে দেয়নি এবং যাদের শাসনের প্রেক্ষাপটেই জুলাইয়ের আন্দোলনের সৃষ্টি হয়েছে, তাদের কথাও মনে রাখতে হবে।’

















