পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন পেজেশকিয়ান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ১১:৪৯ পিএম
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি নাকচ করে দিয়েছেন তার পদত্যাগের গুঞ্জন। তিনি বলেছেন, পদত্যাগ করবেন না এবং দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

প্রশাসনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে এ মন্তব্য করেন পেজেশকিয়ান। সাক্ষাৎকারের কিছু অংশ মঙ্গলবার সম্প্রচারের আগেই প্রকাশ করা হয়। সেখানে তিনি জানিয়েছেন, কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিলে তিনি নিজে তা ঘোষণা করবেন। তবে এমন কোনো সিদ্ধান্ত তার নেই এবং তিনি নিজের অবস্থানে অটল আছেন।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, দেশের সশস্ত্র বাহিনীর পূর্ণ সমন্বয় রয়েছে তার প্রশাসনের। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, সরকার ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির মধ্যে মতপার্থক্য রয়েছে, এমন ধারণা ইচ্ছাকৃতভাবে ছড়ানোর চেষ্টা চলছে।

পেজেশকিয়ানের এই বক্তব্য আসে সাম্প্রতিক পদত্যাগের গুঞ্জনের পর। এর আগে তার কার্যালয়ের যোগাযোগ ও তথ্য বিভাগের উপপরিচালক মেহদি তাবাতাবাই পদত্যাগের খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘স্পষ্ট মিথ্যা’ বলে উড়িয়ে দেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক চরমপন্থীদের একটি অংশ জাতীয় ঐক্য দুর্বল করার উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়াচ্ছে।

পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয় জ্যেষ্ঠ শিয়া ধর্মীয় নেতা মোহাম্মদ-বাগের খারাযির এক মন্তব্যকে ঘিরে। তিনি দাবি করেন, এ পর্যন্ত ২৮ বার পদত্যাগের হুমকি দিয়েছেন পেজেশকিয়ান। তার ভাষ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট আবার পদত্যাগের প্রস্তাব দিলে সেটি গ্রহণ করা হবে।

তবে এ দাবির সত্যতা সরকারিভাবে স্বীকৃতি পায়নি। প্রেসিডেন্টের কার্যালয় শুরু থেকেই এমন বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে, ইরানি গণমাধ্যমের বরাতে বিবিসি ফার্সি জানিয়েছে, পেজেশকিয়ানের বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও ও লিখিত পাঠ পরে প্রকাশ করা হবে। সেখানে তিনি কথা বলেছেন যুদ্ধ-সংক্রান্ত পরিস্থিতিসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!