পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ বা ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। এর মধ্যে একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছিল। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার পর জাহাজটিকে থামানো হয়।
আইআরজিসি আরও জানিয়েছে, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।
পাশাপাশি নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে শক্ত হাতে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।



































