মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

মোস্তাফিজের আইপিএল থেকে বাদ দুর্ভাগ্যজনক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১১:৪১ পিএম
মোস্তাফিজের আইপিএল থেকে বাদ দুর্ভাগ্যজনক

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ১৯তম আসর থেকে বাদ দেওয়া হয় জানুয়ারির প্রথম সপ্তাহে। তিন মাস পর এ নিয়ে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়াকে তিনি দুর্ভাগ্যজনক বলেছেন।

ভারতের উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছিল ভারতীয় বোর্ড বিসিসিআই।

যার জেরে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ এবং ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে দেশটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। পরে পাকিস্তানও এ ঘটনায় জড়িয়ে পড়লে বিশ্বকাপ নিয়ে অচলাবস্থাও তৈরি হয়। এই পুরো ঘটনা পরিক্রমায় আইপিএল চেয়ারম্যান কোনো মন্তব্য করেননি।


মোস্তাফিজকে কেকেআর নিলাম থেকে কেনে ৯ কোটি ২০ লাখ রুপিতে। দুই কোটি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে নিয়ে চেন্নাইয়ের সঙ্গে রীতিমতো কাড়াকাড়ি হয় কেকেআরের। এমন চাহিদাসম্পন্ন একজন খেলোয়াড়কে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া নিয়ে ধুমালকে প্রশ্ন করে ফাইন্যান্সিয়াল টাইমস।

আইপিএলকে আদৌ রাজনীতিকে দূরে সরিয়ে রাখা সম্ভব কি না, এমন প্রশ্নে উদাহরণ হিসেবে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল খেলতে না পারা ও মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রসঙ্গ টানা হয়। জবাবে আইপিএল চেয়ারম্যান বলেন, ‘মাঝে মাঝে বিষয়গুলো যেভাবে ঘটে বা সামনে আসে, সেটাকে আমি দুর্ভাগ্যজনক বলব। আমার মনে হয় না যে দৈনন্দিন ক্রিকেট পরিচালনায় সরকারের কোনো আগ্রহ বা কোনো ভূমিকা রয়েছে। সরকার বড় পরিসরে ক্রিকেটের প্রতি সহায়ক ভূমিকাই পালন করে।’


তিনি যোগ করেন, ‘তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যায় যার প্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমি নিশ্চিত সুবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে এমনটা আর ঘটবে না।’

তাঁকে এর পরের প্রশ্নটি সরাসরি মোস্তাফিজ বিষয়ে করা হয়। জানতে চাওয়া হয় মোস্তাফিজের ঘটনায় বিসিসিআই সরাসরি নির্দেশনা দিয়েছে কি না? এই প্রশ্নের জবাবে ধুমাল বলেন, ‘আমি শুধু বলব এটা দুর্ভাগ্যজনক ছিল। এর বাইরে এ বিষয়ে আমি জানি না।’

মোস্তাফিজকে বাদ দিতে বলা হয়েছে—বিসিসিআইয়ের দিক থেকে সে সময় বক্তব্যটি দেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। পরে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বোর্ডের বেশির ভাগ মানুষই সিদ্ধান্তটি সম্পর্কে আগে থেকে জানতেন না।

আইপিএল থেকে বাদ পড়া মোস্তাফিজ এখন পাকিস্তানের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!