প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় আসায় বিএনপির দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়নের ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত যে অগ্নিসন্ত্রাস করেছিল, সে সময় অনেকগুলো ভূমি অফিস জ্বালিয়ে দেয়। শুধু তাই নয়, চলন্ত বাসেও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে। তখন ঘোষণা দিয়েছিলাম, যারা আগুন দিয়েছিল, তাদের যেন মালিকানা না থাকে। এটা দেওয়ার পর অবশ্য ভূমি অফিস পোড়ানো বন্ধ হয়।”
শেখ হাসিনা আরো বলেন, “রূপকল্প ২০২১ গ্রহণের মাধ্যমে সুদূরপ্রসারী পরিকল্পনাই নিয়েছিলাম। পরে এই পরিকল্পনা ২০৪১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়। মানুষ যেন হয়রানি, ভোগান্তিতে না পড়েন, হাতের মুঠোয় ভূমিসেবা নিশ্চিতে ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।”
এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মোস্তাফিজুর রহমানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয় ও তার অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



































