নামে বেগুন হলেও, এর কিন্তু বহু গুণ। সারাবছরই পাওয়া যায় বেগুন। ভাজি, তরকারি সবভাবেই এটি সুস্বাদু। বেগুন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন-এ, সি, ই এবং কে সমৃদ্ধ একটি সবজি। এতে প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার রয়েছে, যা খাবার হজমেও সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতেও বেগুনের ভূমিকা অনেক।
অনেকেই আছেন বেগুনের একঘেয়েমি স্বাদ থেকে মুক্তি পেতে এটি খাওয়াই হয়তো বন্ধ করেছেন। কিন্তু মনে রাখতে হবে সুস্বাস্থ্যের জন্য বেগুন উপকারী একটি সবজি। কাজেই প্রয়োজনে রান্নার ধরণে নিয়ে আসুন ভিন্নতা। বানিয়ে ফেলুন বেগুনের দোলমা।
মজাদার এই পদ তৈরির সহজ রেসেপিটি জানাব এই আয়োজনে_
যা যা লাগবে_
- ভাজা বেগুন- ১/২কেজি
- সরিষার তেল- ১ কাপ
- পেঁয়াজ বেরেস্তা- ১/২ কাপ
- পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
- টকদই- ১ কাপ
- আদা বাটা- ১ চা চামচ
- রসুন বাটা- ১ চা চামচ
- মরিচের গুঁড়া- ১ চা চামচ
- হলুদের গুঁড়া- ১/২ চা চামচ
- তেঁতুল গোলা- ১ কাপ
- চিনি- ১ চা চামচ
- পাঁচফোড়ন- ১/২ চা চামচ
- লবণ- স্বাদমতো
- পানি-পরিমাণমতো
যেভাবে বানাবেন_
প্রথমে ফ্রাইপ্যানে পরিমাণমতো তেল দিয়ে গরম করুন। এবার গরম তেলের মধ্যে একে একে পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, টকদই, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পানি সব একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো মসলার মধ্যে ভাজা বেগুন, তেঁতুল গোলা, চিনি, পেঁয়াজ বেরেস্তা ও জিরের গুঁড়া দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন।
এরইমধ্যে অন্য চুলায় একটি প্যানে সরষের তেল দিয়ে গরম করে নিন। এতে পাঁচফোড়ন দিয়ে ভেজে নিন। এবার রান্না করা বেগুন পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিন। কমপক্ষে ৫ মিনিট ঢেকে রাখুন। ঢাকনা খুলেই দেখুন তৈরি হয়ে গেছে সুস্বাদু বেগুনের দোলমা।
গরম ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ মানিয়ে যাবে এই রেসিপিটি।







































