ব্যস্ততার যুগে অনেকেই হয়ত শরীরচর্চার সময়টুকুও পান না। অথবা অপেক্ষা করে থাকেন ছুটির দিনের জন্য। আলসেমীর কারণে দেখা গেল এই দিনও হাত ফসকে গেল। শরীরের প্রতি দীর্ঘদিনের এই অযত্ন নানা রোগবালাইয়ের জন্ম দেয়। তাহলে কী করবেন? চলুন জেনে নেওয়া যাক-
হাঁটা
যেভাবেই হোক ছুটির দিনে অন্তত সকালে উঠে ছাদে কিংবা বাড়ির সামনের রাস্তাটায় কয়েক পাক হেঁটে নিতে পারেন। মনও ভালো থাকবে, আবার শরীরচর্চাও হয়ে যাবে।
সাঁতার
শরীরের জন্য সাঁতার খুবই উপকারী। সাঁতার কাটতে জানলে ছুটির দিনে এ বার পানিতে ঝাঁপ দিন। অধাঘন্টা সাঁতরে নিন। সারা সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যাবে। সারা সপ্তাহের শরীরচর্চা না করার ঘাটতিও পূরণ হবে।
সাইক্লিং
সাঁতারের মতো সাইকেল চালানোও খুব কার্যকরী। নিয়ম করে সাইকেল চালানোর অভ্যাস থাকলে ওজন নিয়ন্ত্রণে থাকে। সেই সঙ্গে অনেক রোগবালাই থেকেও দূরে থাকা যায়। ছুটিতেও সময় পেলে সাইকেল চালাতে পারেন কিছুক্ষণ। সারা সপ্তাহ শরীরচর্চা না করার অভাব পূরণ হবে খানিকটা।
স্কিপিং
খেলার ছলে শরীরচর্চা করতে চাইলে লাফদড়ি খেলতে পারেন। এতে শরীরের জমে থাকা মেদ অনেকটাই ঝরে যায়। সেই সঙ্গে স্কিপিং করার ফলে যে ঘাম হয়, তাতেও উপকার পাওয়া যায়।
নাচ
ছুটির আনন্দ উপভোগ করতে গান চালিয়ে মনের আনন্দে নাচতে পারেন। নাচলে শুধু মন নয়, ভালো থাকে শরীরও। আলাদা করে ব্যায়াম কিংবা যোগাসন করতে ইচ্ছে না করলে নাচ হতে পারে ভালো বিকল্প।








































