“বাড়িতে প্রতিদিনের কাজের শেষ নেই। ঘরের প্রতি কোণা পরিষ্কার করি। তবুও পিঁপড়ে থেকে রেহাই নেই”- বিরক্তির কণ্ঠে অভিযোগ করলেন গৃহিণী ফাতিমার। শুধু ফাতিমা নন, এই অভিযোগ যেন কম-বেশি সব বাড়ির গৃহিণীদেরই থাকে।
বর্ষায় পিঁপড়ের উৎপাত যেন কয়েক গুণ বেড়ে যায়। স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য বর্ষাকালে ঘরে পিঁপড়ে হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। খাবারের টেবিলে, জামাকাপড়ে, বিছানা, আসবাব, ঘরের দেয়াল সব জায়গাই যেন পিঁপড়ের সারি। এইমাত্র পরিষ্কার করলেন, অমনি আবারও সেখানে হাজির হয়ে যায় পিঁপড়ে। শত চেষ্টা করেও সুরাহা হচ্ছে না।
পিঁপড়ে তাড়ানোর জন্য বাজার থেকে কেনা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা যায়। তবে তা স্বাস্থ্যের জন্য় ক্ষতিকর। বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চারা থাকলে তো রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকাই শ্রেয়। তাই ভরসা একমাত্র ঘরোয়া সমাধানে।
পিঁপড়ের এই উপদ্রব থেকে রেহাই পেতে কিছু ঘরোয়া কিছু উপায় রয়েছে, যা জানাব আজকের আয়োজনে_
- ঘরের যে স্থানে পিঁপড়ের উপদ্রব বেশি, সেখানে লেবুর রস দিয়ে রাখুন। লেবুর খোসাও দিয়ে রাখতে পারেন। এমনকি ঘর মোছার সময় পানিতে লেবুর রস ব্যবহার করতে পারেন। পিঁপড়েরা লেবুর গন্ধ পছন্দ করে না। তাই উপদ্রব অনেকটাই কমে যাবে।
- রান্নাঘরের স্ল্যাব সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। লেবুর খোসা সেখানেও ছড়িয়ে রাখতে পারেন।
- কমলালেবুর গন্ধও পিঁপড়ের পছন্দ নয়। এটি পিঁপড়ে দূরে করতে বেশ কার্যকর। এক কাপ গরম পানিতে এবং কমলালেবুর কয়েকটি খোসা বেটে নিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট পিঁপড়ের প্রবেশপথের চারপাশে ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর মুছে ফেলুন। এছাড়া কমলালেবুর খোসা রেখে দিলেও পিঁপড়ের উপদ্রব কমবে।
- চিনিতে সবচেয়ে বেশি পিঁপড়ে ধরে। এ ক্ষেত্রে গোলমরিচ আপনাকে সমাধান দেবে। চিনিতে গোলমরিচ কিংবা লবঙ্গ দিয়ে রাখুন পিঁপড়ে ধরবে না। এছাড়া পিঁপড়েদের প্রবেশপথে গোলমরিচ ছড়িয়ে রাখতে পারেন। গোলমরিচ ও পানি ফুটিয়ে ঠান্ডা করে সেখানে ছিটিয়ে নিন। পিঁপড়ের উপদ্রব অনেকটাই কমে।
- লবণ দিয়েও পিঁপড়ে তাড়ানো যাবে। সবচেয়ে সহজ উপায় এটি। রান্নাঘরে সহজলভ্য এই উপাদানটি ঘরের কোণে ছিটিয়ে রাখুন। লবণ ও গরম পানির মিশ্রণও পিঁপড়ের প্রবেশপথ ও দেয়ালে স্প্রে করতে পারেন।
- ভিনেগারের গন্ধ সহ্য করতে পারে না পিঁপড়ে। পানিতে ভিনেগার মিশিয়ে ভালো করে ঝেঁকে নিন। এবার এই মিশ্রণটি পিঁপড়ে প্রবেশপথসহ ঘরের প্রতিটি কোনায় ছিটিয়ে দিন। দরজা-জানালাও স্প্রে করুন। দেখবেন পিঁপড়ের বংশধর শেষ।
- রান্নাঘর, বাথরুম এবং ঘরের বিভিন্ন স্থানে পিঁপড়ে তাড়াতে পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। তুলার মধ্যে কয়েক ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল দিন। এই তুলাটি রান্নাঘরের প্রতিটি কোনায় ছড়িয়ে রাখুন। পিঁপড়ে পালাবে।








































