গরু বা খাসির মগজ ভুনা বেশ সুস্বাদু ও পুষ্টিকর। ঈদের পরপরই মগজ ভুনা করে খাওয়া হয়। শুধু ঈদে নয়, সারাবছরই এখন বাড়িতে গরু কিংবা খাসির মগজ রান্না হয়। মাছ, মাংসের স্বাদ বদলে ভিন্ন খাবার খেতেই মগজ খাওয়া বেশি হয়। ছোটরাও এটি পছন্দ করে। তাছাড়া অল্প পরিমাণে মগজ দিয়েই অনেকখানি ভাত খাওয়া যায়।
বিশেষজ্ঞরা জানান, মগজের পুষ্টিগুণ অনেক। এতে প্রোটিন, ভিটামিন-১২, কপার, জিংক এবং ফসফরাস রয়েছে। এছাড়াও ডিএইচএ নামে একটি উপাদান রয়েছে, যা ব্রেনের হাড় সুস্থ রাখে। হার্টের রোগ থেকেও রক্ষা করে। তাছাড়া মগজ রক্তে লোহিত কণিকা তৈরিতেও কাজ করে। শরীরে কোলেস্টোরলে মাত্রা বেশি থাকলে মগজ না খাওয়াই ভালো। তবে অল্প পরিমাণে খেলে খুব একটা ক্ষতি হবে না।
মগজ রান্নার আগে তা ভালোভাবে পরিস্কারের পদ্ধতিও জানতে হয়। ভালোভাবে পরিস্কারের পর মগজ রান্নায় খুব কম সময় লাগে। চলুন মগজ রান্নার আগে এটি পরিস্কারের পদ্ধতি সম্পর্কে আগে জেনে নেই।
মগজ যেভাবে পরিস্কার করবেন
মগজ নরম ও তুলতুলে হয়। তাই এটি পরিস্কারে সাবধান হতে হবে। মগজ পানিতে ভিজিয়ে আলতো হাতে এর ছোট ছোট রগ টেনে তুলতে হবে। এক হাতে মগজ ধরবেন এবং অন্যহাতে রগগুলো টেনে তুলবেন। দেখবেন সহজেই উঠে আসছে। এভাবে ধীরে ধীরে পুরো মগজ পরিস্কার করে নিন। খেয়াল রাখবে মগজ ভেঙে যেতে পারে।
মগজ ভুনা রান্নায় যা যা লাগবে
- গরু বা খাসির মগজ
- পেঁয়াজ কুঁচি- এক কাপ
- আদা বাটা -দুই চা চামচ
- রসুন বাটা -দেড় চা চামচ
- মরিচের গুড়া- এক চামচ
- হলুদেও গুড়া -আধা চামচ
- ধনিয়া গুড়া -আধা চামচ
- জিরা গুড়া- এক চামচ
- গরম মসলা- আধা চামচ
- তেজপাতা-১টি
- দারুচিনি- ২/৩ টুকরো
- সাদা এলাচ- ২ টি
- রান্নার তেল- ২ টেবিল চামচ
- কাঁচা মরিচ-৪টি
- গোলমরিচ গুড়া- পরিমাণমতো
- লবণ ও পানি- প্রয়োজন মতো
মগজ ভুনা রান্না হবে যেভাবে
প্রথমে চুলায় একটি পাত্রে তেল গরম দিন। এতে আস্ত গরম মসলা দিয়ে দিন। একটু ভেজে পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজুন। হালকা বাদামি হলে কাঁচামরিচ বাদে সব মসলা দিয়ে দিন। ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে আধা কাপ পানি দিন। এবার মগজ হাত দিয়ে চককিয়ে মসলায় দিয়ে কষিয়ে নিন। পানি শুকিয়ে তেল ভেগে উঠবে। এরপর আবারও পানি দিয়ে কষিয়ে নিন। মসলা থেকে সুগন্ধ আসবে। নরম হয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিন। এভাবে দুইবার কষিয়ে নিন। এরপর এক কাপ পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে ঢেকে দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়ুন। অল্প ঝোল হলে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে ঢেকে রাখুন। তেল ভেসে উঠলে নামিয়ে নিন। ১০ মিনিটেই হয়ে যাবে মগজ ভুনা।






































