ঘড়িতে সকাল ৭.৩০টা বাজে। ৭টায় অ্যালার্ম বাজলেও ঘুম ভাঙেনি। ৯টায় অফিস। দেরি হয়ে যাচ্ছে। রেডি হয়ে বের হতে সময় পাওয়া যাবে মাত্র আধ ঘণ্টা। গোসল সেরে রেডি হয়ে নিলেন। অফিসের ব্যাগ কাঁধে ঝুলিয়ে বেরিয়ে গেলেন। নাস্তা করারও সময় হয়নি। কিন্তু রাস্তার একি বেহাল অবস্থা! গাড়ি তো অনড় দাড়িয়ে আছে। একদমই নড়ছে না। কোনোভাবে একটি রিকশা চড়ে বসলেন। কিন্তু রিকশা তো ১৫ মিনিট একজায়গাতেই আটকে আছে। ঘড়ির কাটাতো বেড়েই চলেছে। ওদিকে প্রচণ্ড গরম। অফিসের সময় পেরিয়ে গেলেই বিপদ। কিছু না ভেবেই হাঁটা ধরলেন গন্তব্যের উদ্দেশ্যে।
কাল্পনিক চিত্র নয়, এটি এখন নিত্যদিনের ঘটনা। রমজান শুরুর আগ থেকেই রাস্তার প্রচণ্ড জ্যাম আর গরমে জনজীবন বিপর্যস্ত। ব্যস্ততম শহরে জ্যামের এই বাস্তব চিত্র মেনে নিয়েই চলতে হচ্ছে। গতানুগতিক নিয়মে সবকিছুই চলবে। তাই এসব সমস্যাকে উপেক্ষা করে বরং নিজের জীবনযাত্রাকে পাল্টে নিতে হবে। সেই চিন্তা থেকেই রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকলে যা করতে হবে তা নিয়ে কিছু পরামর্শ থাকছে_
- প্রথমেই গন্তব্যে যাওয়ার সময়টা ঠিক রাখুন। হাতে যথেষ্ট সময় নিয়ে বের হবেন। প্রয়োজনে রাস্তার জ্যামের কথা মাথায় রেখে একটু আগেই ঘর থেকে বের হোন।
- গুগল ম্যাপে এখন জ্যামের আপডেট দেখা যায়। সম্ভব হলে তা দেখে নিন। যে পথে গাড়ির চাপ কম থাকবে সেই পথেই রওনা করুন।
- গন্তব্য কাছে হলে হেটে রওনা করুন। জ্যামে বসে থাকলে সময়ও নষ্ট হবে। এক্ষেত্রে প্রচণ্ড গরমে ছাতা ব্যবহার করুন।
- ঘরের বাইরে বের হওয়ার সময় সঙ্গে পানির বোতল রাখবেন। জ্যামে অনেকক্ষণ বসে থাকলে জরুরি সময়ে পানির প্রয়োজন হতে পারে। সঙ্গে পানির বোতল থাকলে বিপদে পড়তে হবে না।
- গন্তব্যে যাওয়ার পথে জ্যাম থাকলে ভেঙে ভেঙে যেতে পারেন। পুরো পথ একটি গাড়িতে বা রিকশায় যাবেন না। জ্যাম পর্যন্ত গাড়ি বা রিকশায় যান। এরপর জ্যামের জায়গাটুকু হেটে পার হোন। আবারও গাড়ি বা রিকশা নিয়ে গন্তব্যে পৌঁছান।
- রাস্তার জ্যামে বসে থাকলে অনেকে মোবাইল ফোন ব্যবহার করেন। এক্ষেত্রে সাবধান থাকতে হবে। জ্যামে মোবাইল ফোন ব্যবহার করলে দুষ্টু লোকের খপ্পরে পড়তে পারেন। কেউ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যেতে পারে।
- রিকশায় জ্যামের বসে থাকলে ব্যাগ সাবধানে রাখুন। অনেক সময় কাঁধের ব্যাগ পেছন থেকে খুলে মোবাইল বা ল্যাপটপ অথবা প্রয়োজনীয় কোনো জিনিস নিয়ে যেতে পারে। আবার মেয়েদের ব্যাগও ছিনিয়ে নিয়ে যেতে পারে কোনো দুষ্ট চক্র। তাই সতর্ক থাকুন।
- অনেকক্ষণ রাস্তায় জ্যামে বসে আছেন। বিরক্ত হয়ে রিকশা বা গাড়ি থেকে নেমে গেলেন। এক্ষেত্রে অবশ্যই এক সাইড হয়ে নামবেন। আশপাশ খেয়াল করুন। এরপর নেমে পড়ুন।
- আপনি যদি গাড়ি চালক হোন তবে অবশ্যই ট্রাফিক সিগন্যাল মেনে চলুন। ট্রাফিক সিগন্যাল ভাঙলে জ্যাম আরও তীব্রতর হতে পারে।
- আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। কেউ যদি আপনার অপেক্ষায় থাকে বা গন্তব্যে যেতে দেরি হচ্ছে তা মোবাইল ফোনে জানিয়ে দিবেন। কোথায় জ্যামে আটকে গিয়েছেন তা জানিয়ে রাখবেন। অযথা আপনার অবস্থান সম্পর্কে মিথ্যে বলবেন না। এতে আপনার প্রতি অন্যের ধারণা নষ্ট হতে পারে।




































