হরমুজে উত্তেজনায় স্বর্ণের বাজারে অস্থিরতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১২:০৬ পিএম
হরমুজে উত্তেজনায় স্বর্ণের বাজারে অস্থিরতা

গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি আবারও ইরান বন্ধ করে দিয়েছে। এর প্রভাব ব্যাপকভাবে পড়েছে তেল ও স্বর্ণের দামে। সোমবার (১৩ জুলাই) বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। স্বর্ণের দাম দেখেছে ১ শতাংশের বেশি পতন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ বন্ধ হওয়ার প্রভাবে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেড) সুদের হার আরও বেশি সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে—এই প্রত্যাশায় স্বর্ণের দাম কমেছে।

সোমবার সকাল স্পট গোল্ডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৫৯ দশমিক ১১ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ৪,০৬৭ দশমিক ১০ ডলারে।

রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও তীব্র হয়। তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে। এর প্রভাব সরাসরি পড়ছে দামে।

এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, উপসাগরীয় অঞ্চলে সহিংসতা বাড়লেই সাধারণত স্বর্ণের ওপর চাপ তৈরি হয়। যদি হরমুজ প্রণালি পুরোপুরি বা আংশিকভাবে দীর্ঘ সময় বন্ধ থাকে, তাহলে ভবিষ্যতে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি দেখা দিতে পারে। সেই পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেলে দীর্ঘমেয়াদে স্বর্ণের চাহিদা আবারও বাড়তে পারে।

স্বর্ণের পাশাপাশি মূল্যবান ধাতুর বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ২ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ১৪ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ১,৫৯৮ দশমিক ৪৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ১,২৪৭ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে।

Link copied!