অস্ট্রেলিয়ায় প্রায় সাড়ে ৪০০ কেজি নিষিদ্ধ হেরোইনসহ এক মালয়েশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি সর্বোচ্চ নিষিদ্ধ মাদক জব্দ বলে জানায় স্থানীয় পুলিশ।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়ার রাজধানী ও দেশটির প্রধান সমুদ্রবন্দর মেলবোর্ন থেকে এ হেরোইন জব্দ করা হয়।
অস্ট্রেলিয়ার পুলিশের বরাতে আল জাজিরা জানায়, জব্দ হেরোইনের বাজারমূল্য ১০ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৮৮৬ কোটি ৬০ লাখ টাকা।
অস্ট্রেলীয় পুলিশের মেলবোর্ন শাখা বিবৃতিতে জানায়, মালয়েশিয়া থেকে মেলবোর্নে সিরামিক টাইলসের চালান নিয়ে আসা একটি কন্টেইনার জাহাজ থেকে এগুলো জব্দ করা হয়। এ সময় অস্ট্রেলিয়া নিবাসী এক মালয়েশিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়। তার নাম প্রকাশ করেনি পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ। তবে তার বিরুদ্ধে ইতোমধ্যে মাদক চোরাচালান সংক্রান্ত মামলা করা হয়েছে। পুলিশ জানায়, দোষী প্রমাণিত হলে ওই ব্যক্তির সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হবে।
এদিকে রয়্যাল মালয়েশিয়া পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে চোরাচালান রোধে অস্ট্রেলিয়ান পুলিশ কাজ করবে বলে জানান অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের দক্ষিণাঞ্চলীয় শাখার কমিশনার ক্রিসি ব্যারেট।
ক্রিসি ব্যারেট বলেন, ‘যেটুকু তথ্য আমরা পেয়েছি, তাতে অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ার মধ্যে মাদক-অস্ত্র চোরাচালান ভিত্তিক কিছু সংগঠিত অপরাধী চক্র গড়ে উঠেছে। এই চক্র ভাঙ্গতে আমরা এক সঙ্গে কাজ করবো।"































